এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভূঞাপুরে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৩:১৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৩:১৭:৪৯ অপরাহ্ন
 
 
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভূঞাপুর সদরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
 
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রায় সহস্রাধিক  শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে যাতায়াত সহজ। কিন্তু নির্ধারিত নিকরাইল কেন্দ্র (শমসের ফকির মহিলা কলেজ) দূরবর্তী হওয়ায় সেখানে পৌঁছাতে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় অনেক সময় নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
 
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নিকরাইল কেন্দ্রের সড়কগুলো সরু ও খানাখন্দে ভরা, যা যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং বিরূপ আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়ে।
 
তারা জানান, উক্ত কেন্দ্রে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো ও আবাসন সুবিধা নেই। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়াও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
 
এ অবস্থায় শিক্ষার্থীরা নিকরাইল কেন্দ্র (শমসের ফকির মহিলা কলেজ) বাতিল করে ভূঞাপুর সদরে পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]