​কেন্দুয়ায় নিষিদ্ধ ষাঁড়ের লড়াই, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০১:৪১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০১:৪১:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে নিষিদ্ধ ষাঁড়ের লড়াই। এই লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাখ লাখ টাকার জুয়ার আসর-এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। তবে প্রভাবশালী একটি চক্রের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার রামপুর জল্লী এলাকায় এমনই একটি ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পরপরই শুরু হয় এই আয়োজন। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোকজন জড়ো হন।

গোপন সূত্রে জানা গেছে, সপ্তাহে অন্তত দুই দিন নিয়মিতভাবে এই লড়াইয়ের আয়োজন করা হয়। প্রতিবারই কয়েক জোড়া ষাঁড়কে মুখোমুখি দাঁড় করিয়ে লড়ানো হয় এবং দর্শকদের মধ্যে চলে ব্যাপক জুয়া। অনেক ক্ষেত্রে একেকটি লড়াইয়ে কয়েক লাখ টাকা পর্যন্ত বাজি ধরা হয় বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রভাবশালী একটি সংঘবদ্ধ চক্রের মদদে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালু রয়েছে। ফলে সাধারণ মানুষ প্রতিবাদ করলেও তা কার্যকর হচ্ছে না। বরং ভয়ে অনেকে বিষয়টি এড়িয়ে চলছেন।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রায় প্রতি মাসেই একাধিকবার এ ধরনের লড়াই অনুষ্ঠিত হলেও প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। প্রশাসন সক্রিয় থাকলে এমন অবৈধ আয়োজন সম্ভব হতো না বলেও মনে করছেন তারা। দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মোঃ গোলাম মোস্তফা মুঠোফোনে জানান,আজ সকালের ষাঁড়ের লড়াইয়ের বিষয়ে আমরা অবগত নই। পূর্বে অনুষ্ঠিত এমন একটি লড়াই থেকে ষাঁড় জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]