শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ১

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৩:৪০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৩:৪০:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের টিনের চালা ও সিলিং ধসে আব্দুস সাত্তার (৭২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার লাউহাটি পুনরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী (ছাতীরবাজার) এলাকায় নাজিম উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন এবং বাঁশের বেড়া ও সিলিং নির্মাণের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ প্রবল দমকা হাওয়া ও বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের একপর্যায়ে তার বসবাসরত ঘরের টিনের চালা ও সিলিং ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে শাহিন মিয়া জানান, প্রতিদিনের মতো তার বাবা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে ঝড় শুরু হলে মুহূর্তেই ঘরের চালাসহ পুরো কাঠামো ভেঙে পড়ে। ভোরে ঘটনাস্থলে গিয়ে টিন, বাঁশ ও গাছের ডালপালা সরিয়ে তার বাবার লাশ উদ্ধার করা হয়। এটি একটি দুর্ঘটনা হওয়ায় এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসাইন উজ্জ্বল বলেন, ঝড়ে নিহত ব্যক্তির পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী তাদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]