গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:৪৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:৪৫:২৫ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৬, ১৩:৩৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ সুগম করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, এই সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচার কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। আগে গুম মানবতাবিরোধী অপরাধের তালিকায় ছিল না, এখন তা যুক্ত হওয়ায় বিচারের আইনি ভিত্তি আরও শক্তিশালী হলো।

তিনি আরও বলেন, গুমের বিচার নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এই আইন তার সুস্পষ্ট জবাব। সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

বিল পাসের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, উপযুক্ত সময় এলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আলোচনার এক পর্যায়ে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আইনমন্ত্রীকে সংসদীয় আলোচনার মধ্যে বক্তব্য সীমাবদ্ধ রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট সংশোধনের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এটি পাস হওয়ায় গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার আইনি ভিত্তি আরও জোরদার হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]