আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে বের করা হলো শিরীন শারমিনকে

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:৪১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:৪১:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৬, ১৩:২৩

রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আদালতের উদ্দেশে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে তাকে ডিবি কার্যালয় থেকে বের করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ১৭ জুলাই দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার (মামলা নং-৫) তিন নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি।

ডিবির লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসিন উদ্দীন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র এন এম নাসির উদ্দিন জানান, ভোরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন জানান, রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তৎকালীন সরকারের পতনের পর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে টানা এই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

এছাড়া, জুলাইয়ের আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। রংপুরে গুলিতে এক স্বর্ণশ্রমিক নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার নামসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]