সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:২২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৩:২২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীতে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মনিজুল আহমদ সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
 
রোববার (৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় করা চোরাচালান ও পুলিশের ওপর হামলার চেষ্টার একটি মামলা বিচারাধীন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে রোববার আদালতে হাজির করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ব্যারিকেড দিলে চালক সেটি উপেক্ষা করে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীকালে অভিযোগ ওঠে, মনিজুল আহমদ তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং জব্দকৃত ট্রাকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।


 
 


 


 

 
 


 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]