জ্যেষ্ঠ প্রতিবেদক | ৬ এপ্রিল ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Boeing থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকার।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। এ সময় সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
দেশের বর্তমান যাত্রীচাহিদা পূরণ এবং বহরের সক্ষমতা বাড়াতে বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়। জবাবে পল রিঘি বিশেষ করে বোয়িংয়ের ন্যারো-বডি বি৭৩৭ সিরিজের উড়োজাহাজ লিজ দেওয়ার আগ্রহের কথা তুলে ধরেন।
মন্ত্রী আফরোজা খানম দ্রুত সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের অংশ হিসেবে সরকার ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও চূড়ান্ত করার পথে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে সরবরাহ করা হতে পারে।
বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সরবরাহের আশা করা হচ্ছে। সম্ভাব্য বিলম্ব মোকাবেলায় অন্তর্বর্তী সময়ের জন্য উড়োজাহাজ লিজ নেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।