খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি তেল নিতে আসা ১৭ জন মোটরসাইকেল চালককে আইনের আওতায় আনা হয়েছে।
এসময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।
অভিযান চলাকালে দেখা যায়, অনেক চালক বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি নিতে এসেছেন। এছাড়া, একাধিক মোটরসাইকেল আরোহী হেলমেটবিহীন অবস্থায় চলাচল করছিলেন। পরে যাচাই-বাছাই শেষে এসব অনিয়মের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস জানান, জ্বালানি তেলের অপব্যবহার রোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।