ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি ইসরাইলের, যুক্তরাষ্ট্রের সংকেতের অপেক্ষা

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৩:৩৪:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৩:৩৪:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। তবে এ ধরনের পদক্ষেপের আগে তারা যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেত’-এর অপেক্ষায় রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইসরাইলি প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।


ওই কর্মকর্তা জানান, হামলা হলে তা আগামী এক সপ্তাহের মধ্যেই ঘটতে পারে। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছাতে তাদের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় রয়েছে, অন্যথায় ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে।


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প স্মরণ করিয়ে দেন, তিনি আগে ইরানকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন চুক্তিতে পৌঁছানো বা প্রণালি খুলে দেওয়ার জন্য। তিনি বলেন, সময় দ্রুত শেষ হয়ে আসছে এবং ৪৮ ঘণ্টার মধ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

 
গত ২১ মার্চ ট্রাম্প প্রথম সতর্কবার্তায় বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো, বিশেষ করে বৃহত্তম কেন্দ্রটি ধ্বংসের নির্দেশ দিতে পারেন। তবে পরে তিনি জানান, ইরানের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ চলছে এবং সম্ভাব্য হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 
পরবর্তীতে সময়সীমা আরও বাড়ানো হয়, যা শেষ হওয়ার কথা সোমবার (৬ এপ্রিল) রাত ৮টায়।

 
অন্যদিকে, ইরান ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করেছে। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারিকে ‘অসহায়, দিশেহারা ও ভারসাম্যহীন’ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]