ময়মনসিংহে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১০:৪০:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১০:৪০:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে রিফাত মিয়া (২০) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রিফাত গফরগাঁও সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে রিফাতের সঙ্গে প্রতিবেশী মফিজ উদ্দিনের ছেলে, কথিত মাদক কারবারি মনির হোসেনের বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মনির রিফাতকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিফাত মারা যায়।

রাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মনির এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে কিছু নেতার ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছেন। মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই রিফাতকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যুর পর কোতোয়ালি থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]