​অন্ধকার ভেদ করে আলোর পথে: মানবিক সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আল আমিনের

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৮:২৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৮:২৯:৩১ অপরাহ্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাসিন্দা চল্লিশোর্ধ মো. আল আমিন মোল্লা। জন্মগতভাবে এক চোখে দৃষ্টি না থাকলেও অন্য চোখ দিয়েই দেখতেন জীবনের আলো। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় সেই শেষ আশার আলোটুকুও নিভে যায়। পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে পরিবারসহ নেমে আসে চরম অনিশ্চয়তায়।

স্ত্রী ও তিন সন্তান নিয়ে পাঁচ সদস্যের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আল আমিন। দৃষ্টি হারানোর পর থমকে যায় জীবনের গতি। অর্থাভাবে বন্ধ হয়ে যায় কিশোর ছেলের মাদ্রাসার পড়াশোনা। জীবিকার তাগিদে একটি গ্যারেজে কাজ শুরু করলেও তাতে মিলছিল না স্বস্তি। অনেক সময় না খেয়েই দিন কাটাতে হয়েছে পুরো পরিবারকে।

ঠিক এমন দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় ‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা’। প্রবাসী এক সদস্যের মাধ্যমে সংগঠনের সঙ্গে পরিচয় হওয়ার পর আল আমিনের জীবন কাহিনি শুনে এগিয়ে আসেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের আর্থিক সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধী আল আমিনকে দেওয়া হয় একটি ব্যাটারিচালিত অটোরিকশা। নতুন এই বাহনকে ঘিরেই এখন তার নতুন স্বপ্ন-নিজের আয় দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো।

এছাড়াও, একই দিনে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ গ্রামের রানু বেগম নামে এক নারীকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার (৪ এপ্রিল) সকালে কালীগঞ্জ কল্যাণ সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অটোরিকশার চাবি ও নগদ অর্থ তুলে দেন সংগঠনের উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রাশিদুল হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা মো. মুর্শিদ উজ্জামান, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, কাজী জাহেদ হাসান এবং সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেতসহ অনেকে।

এ সময় সংগঠনের সহ-সভাপতি নূর আক্তার, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কার্যনির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী রোমান, মো. আক্তারুজ্জামান, সাবেক সদস্য মোশাহেদা মুশি, দুলাল মোড়লসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তার এই উদ্যোগ শুধু আল আমিনের জীবনেই নয়, সমাজের অসহায় মানুষের জন্যও এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকল

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]