কারো আমন্ত্রণে নয় নিজ দায়িত্ব থেকে এসেছি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৪:৪১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৪:৪১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল এলাকার সকল মতের সকল পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন। কারো আমন্ত্রণে নয় নিজ দায়িত্ব থেকে এখানে এসেছি।


শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় সরেজমিন পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ফেরিঘাট ও নদীপথের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গম ও উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও সহজ করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজীব আহসান জানান, হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করা হবে। একই সঙ্গে আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রী ও যানবাহন পারাপার সহজ হবে এবং দীর্ঘ লাইনের সমস্যাও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং এলাকার শতশত সাধারণ মানুষ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]