সরকারের কঠোর ব্যবস্থায়ও সুফল পাচ্ছেন না কৃষক ও গাড়িচালকরা

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি সরবরাহে পেট্রোল পাম্পে শৃঙ্খলা ফিরাতে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার পরও কাজ হচ্ছে না। সফলতা পাচ্ছেন না কৃষক ও যানবাহনের চালকরা । এছাড়াও নানা অনিয়মসহ মারামারির ঘটনা ঘটছে পেট্রোল পাম্পে।

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, ডিজেল সংকটের ভয়াবহ প্রভাব পড়েছে বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনের পর্যটন শিল্পে। তেলের অভাবে পর্যটকবাহী ট্রলার ও লঞ্চ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পুরো ভ্রমণ কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা জানান, ডিজেল সংকটের কারণে নির্ধারিত সময়েও কোনো ট্রলার বা লঞ্চ ছেড়ে যেতে পারছে না। এতে করে আগত পর্যটকদের বড় একটি অংশ বুকিং বাতিল করতে বাধ্য হচ্ছে, আর যারা এসেছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় ট্রলার মালিক আব্দুল হালিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডিজেল না থাকায় আমরা ট্রলার চালাতে পারছি না। এ বিষয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘ডিজেল সংকটের কারণে পর্যটন কার্যক্রমে গুরুতর বিঘ্ন ঘটছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।’

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, প্রচণ্ড গরম আর তীব্র রোদের মধ্যেও পেট্রোল পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় কমছে না। প্রয়োজনের তাগিদে কিংবা ভবিষ্যতের আশায় জ্বালানি সংগ্রহ করতে ভিড় করছেন পাম্পে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। শুক্রবার সকাল থেকেই উপজেলার পূর্ববাজার মেসার্স ন্যাশনাল পেট্রোলিয়াম অ্যান্ড ফিলিং স্টেশন নামক একটি পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন, পেট্রোল কিনতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা।

নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। অভিযানে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে বিপুল পরিমাণ ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান,
বরিশালের বাবুগঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকায় চলতি বোরো মৌসুমের ভরা সময়ে তীব্র ডিজেল সংকট দেখা দিয়েছে। সেচপাম্প চালাতে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে হাজারো কৃষক চরম দুর্ভোগে পড়েছেন। সময়মতো জমিতে পানি দিতে না পারায় অনেক ক্ষেত শুকিয়ে ফেটে যাচ্ছে, যা ধান উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।

উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রাম ঘুরে দেখা যায়, সেচের পানির অভাবে বিস্তীর্ণ জমিতে ধানের চারা শুকিয়ে যাচ্ছে। জমিতে দেখা দিয়েছে বড় বড় ফাটল। কৃষকদের মুখে হতাশার ছাপ স্পষ্ট।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি জোরদার করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কেউ মজুত বা অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় জ্বালানি তেল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত ফুয়েল কার্ড পদ্ধতি উপেক্ষা করে তেল বিক্রির জেরে তেলপাম্পে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এক কৃষক মারধরের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরেন।

বুধবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রির কথা থাকলেও দামুড়হুদা ফিলিং স্টেশনে তা মানা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন দেখা যায়, সকাল থেকেই তেল বিক্রিকে কেন্দ্র করে ভোক্তা, তেলপাম্প কর্তৃপক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা তৈরি হয়।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]