রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পিছিয়ে পড়া তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি। তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
উপজেলার চুশাক পাড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মংঞোই মারমা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, যাতে তারা মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে পারে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ গড়তে চাই।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, বিএনপির সদস্য আবদু রহিম, স্থানীয় কার্বারী উনুমং মারমা ও ক্যজাইঞো মারমা।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মদ এবং তাতী দলের সাবেক সাধারণ সম্পাদক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন উদ্যোগ গ্রহণের জন্য ছাত্রদলের আহ্বায়ক রনিকে ও উপজেলা বিএনপির নেতাদের ধন্যবাদ জানান।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।