ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজন গ্রেপ্তার

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১১:০৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১১:০৫:৫১ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।। 
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
আমিনুল ইসলাম উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এক নারী শিক্ষককে হত্যাচেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সকালে আমিনুল ইসলাম সুজন তার সহযোগীদের নিয়ে উপজেলার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে যান।

সেখানে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসা. হাসিনা ইসলামের কক্ষে ঢুকে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ৩০ মার্চ ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে আমিনুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা
চেষ্টা মামলা করেন।
 
জানা গেছে, আমিনুল ইসলাম একসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি পদটি ছেড়ে দেন। পরে দলীয় প্রভাব খাটিয়ে ও ভুয়া ডিজি প্রতিনিধি পরিচয়ে পুনরায় ওই পদে নিয়োগ পাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি তিনি আদালতে সপদে বহাল হওয়ার রায় পেয়েছেন দাবি করে কর্মস্থলে যোগ দিতে যান। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চেয়ার ছাড়তে আপত্তি জানালে বাগবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে।
 
এর আগে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আমিনুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি ওই মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বিদ্যালয়ে গিয়ে এই কাণ্ড ঘটান বলে অভিযোগ রয়েছে।
 
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা নগরী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আজ আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]