সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার: শিশির মনির

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৩:০৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৩:০৯:৩০ অপরাহ্ন

 

জ্যেষ্ঠ প্রতিবেদক
২ এপ্রিল ২০২৬

সরকার শুধু ‘জুলাই সনদ’-এর নয়, সামগ্রিক সংস্কারেরই বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব-এর আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শিশির মনির বলেন, বর্তমান সরকার জনরায়ের প্রতি সম্মান না দেখিয়ে বিভিন্ন আইনি ব্যাখ্যার মাধ্যমে দ্বিচারিতা করছে। তার দাবি, সরকারের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা মূলত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের পর থেকে ক্ষমতাসীন দলগুলো নিজেদের সুবিধামতো সংবিধান ব্যাখ্যা ও পরিবর্তন করেছে, যার ফলে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সংকট তৈরি হয়েছে।

রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় ক্ষমতা অতিরিক্ত কেন্দ্রীভূত। এটি পরিবর্তন না হলে যে-ই ক্ষমতায় আসুক, তাকে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে দেশ পরিচালনা করতে বাধ্য হতে হবে। এ কারণেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দেশের মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতার জন্য ক্ষতিকর হতে পারে।

সেমিনারে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক নেতা, আইনজীবী ও ছাত্রনেতারা। তারা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে দেরি হলে তা দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]