নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিরোধীদলীয় নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে উদ্দেশ করে আগের দিনের বক্তব্যকে ‘অসত্য’ বলেছেন। এর জবাবে তিনি কটাক্ষ করে বলেন, মন্ত্রী এমনভাবে বক্তব্য উপস্থাপন করেন যাতে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে তুলে ধরা যায়।
এ সময় স্পিকার বিষয়টি পুরোনো উল্লেখ করে তা নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ারও প্রয়োজন নেই বলে জানান।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জবাবে বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দ ব্যবহার করে অসংসদীয় ভাষা প্রয়োগ করেছেন এবং তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। তিনি দাবি করেন, আগের বক্তব্যে বিরোধীদলীয় নেতা একটি ‘অসত্য’ তথ্য উপস্থাপন করেছিলেন।
পাল্টা জবাবে ডা. শফিকুর রহমান বলেন, একই প্রস্তাব ভিন্ন নামে সংসদে উপস্থাপন করা হয়েছিল এবং সে কারণেই তিনি আগের তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন। তার দাবি, তিনি কোনো ভুল তথ্য দেননি।