কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০১:৫০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০১:৫০:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের কাজীপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকান থেকে প্রায় ১ হাজার ৭২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে সোনামুখী বাজারের পূর্ব পাশের রাস্তাসংলগ্ন মেসার্স এস আর ফুয়েল ট্রেডার্স এ অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

তিন ঘণ্টাব্যাপী চলা অভিযানে ওই দোকানে অবৈধভাবে মজুত করা পাঁচটি ড্রামে প্রায় ১ হাজার ৩৩ লিটার পেট্রোল এবং ৬৯৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় দোকান মালিক সোনামুখী ইউনিয়নের রোৗহাবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে শাহা আলম (৩২) তেল সংগ্রহ এবং মজুতের সপক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ক ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। অভিযুক্ত শাহা আলম ধার্যকৃত দণ্ডের অর্থ তাৎক্ষণিক প্রদান করেন।

ইউএনও জানান, ‘আমরা জানতে পারি, এই ব্যবসায়ী অবৈধভাবে মজুত করে প্রতিদিন ভোররাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপনে ডিজেল প্রতি লিটার ১৫০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ২২০ টাকা দরে বিক্রি করেন। জব্দকৃত তেল সিরাজগঞ্জ পাম্পে প্রদান করা হয়েছে। বিক্রীত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]