​দেবীগঞ্জে বেশি দামে পেট্রোল বিক্রি, মেকানিকের ৭ দিনের কারাদণ্ড

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৯:৪৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৯:৪৫:০১ অপরাহ্ন

মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক মোটরসাইকেল মেকানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার খন্দকার মার্কেটে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত কেশব রায় ওই মার্কেটের একজন মোটরসাইকেল মেকানিক।


স্থানীয় সূত্রে জানা যায়, কেশব রায় প্রতি লিটার পেট্রোল ও অকটেন ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন। সকালে খোকন ও কাশেম নামে দুই ব্যক্তি পেট্রোল কিনতে গেলে বিষয়টি প্রকাশ পায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে দেবীগঞ্জ থানার এসআই নাছিম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হন।


এ সময় ৬০ লিটার ধারণক্ষমতার একটি ড্রামে ২৭ লিটার পেট্রোল পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও সবুজ কুমার বসাক কেশব রায়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া জব্দকৃত তেল বাজারমূল্যে বিক্রি করে ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

অভিযুক্ত কেশব রায় জানান, তার নিজের তিনটি মোটরসাইকেল রয়েছে। তিনি বিভিন্ন ফিলিং স্টেশন থেকে অল্প অল্প করে তেল সংগ্রহ করে ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করতেন। গত তিনদিন ধরে তিনি বেশি দামে তেল বিক্রি শুরু করেন। তেল সংকট ও ব্যবসায় মন্দার কারণেই এমনটি করেছেন বলে তিনি দাবি করেন।

কেশব রায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমারগাড়ি এলাকার সুভাষ রায়ের ছেলে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]