এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে শ্রীমঙ্গলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’।
২৭ মার্চ শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের আয়োজনে উৎসবটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, একসময় শ্রীমঙ্গল দেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নাটক, গান ও নৃত্যসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে এ অঞ্চল ছিল প্রাণবন্ত। তবে দীর্ঘদিন ধরে সেই ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় অনেক সাংস্কৃতিক সংগঠন স্থবির হয়ে পড়ে এবং মানুষ সংস্কৃতি চর্চা থেকে দূরে সরে যায়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমানে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আবারও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করা সম্ভব। সুস্থ সংস্কৃতি চর্চা একটি সমাজকে মানবিক ও মূল্যবোধসম্পন্ন করে তোলে উল্লেখ করে তিনি নতুন প্রজন্মকে সৃজনশীল ধারায় এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়্যিদ মুজিবুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, সঙ্গীতজ্ঞ বুলবুল আনাম, মৌলভীবাজার ২৫০ শর্য্য হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, প্রভাষক মো: সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক জলি পাল, উদীচী শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক ও আয়োজন কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ রায় বিষু, মুখপাত্র দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব গোবিন্দ রায় সুমনসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
২ দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে ১৮টি সংগঠনের মধ্যে ৯টি সংগঠন নাটক, সংগীত ও নৃত্য পরিবেশন করে। আয়োজকরা জানিয়েছেন, দ্বিতীয় দিনে বাকি ৯টি সংগঠন অংশ নেবে এবং আয়োজনকে আরও বর্ণিল করে তুলবে।