​মাধবপুরে সংঘর্ষের আশঙ্কা: ১৪৪ ধারা জারি, দুই সংগঠনের সভা স্থগিত

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৩৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১০:২৭:১৭ অপরাহ্ন

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এ আদেশ জারি করেন। জানা গেছে, উপজেলার শিমুলঘর হাসপাতাল সংলগ্ন মাঠে আগামীকাল শনিবার (২৮ মার্চ) একই সময়ে দুটি পৃথক সংগঠন শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন এবং শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ সম্মেলনের আয়োজন করে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। আদেশ অনুযায়ী, পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং, লাঠিসোটা বা অস্ত্র বহনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উভয় সংগঠনের নির্ধারিত সম্মেলন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।


এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে বিষয়টি জনগণকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]