স্টাফ রিপোর্টারঃ
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নেত্রকোনার মদন উপজেলায় বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর হাওরে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু তালুকদার নায়েকপুর পূর্বপাড়া গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু তালুকদার নায়েকপুর হাওরে বন্ধক নেওয়া জমিতে বোরো ধানের আবাদ করেন। ধান পাকতে শুরু করলে গত কয়েকদিন ধরে পাশের মাখনা গ্রামের গরু তার জমির ধান খেয়ে ক্ষতিসাধন করে আসছিল। এ বিষয়ে তিনি একাধিকবার প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার পাননি।
ঘটনার দিন বিকেলে জমিতে গিয়ে তিনি দেখতে পান তার পাকা ধান গরু খেয়ে নষ্ট করে ফেলেছে। এ সময় তিনি প্রতিবাদ করলে মাখনা গ্রামের করিল ইসলামসহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান জানান, ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।