তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা জনগণের ভোটে পেয়েছেন, তাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। তিনি মনে করেন, অতীতের অভিজ্ঞতা বর্তমান ও ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়।
তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী সতর্ক করে বলেন, জনগণকে কেন্দ্র করে চিন্তা ও কাজ করার মানসিকতা থেকে বিচ্যুত হলে নেতিবাচক পরিণতি হতে পারে, যেমনটি অতীতে দেখা গেছে। তাই দায়িত্বশীল নেতৃত্বের জন্য জনগণের প্রতি দায়বদ্ধ থাকা অত্যন্ত জরুরি।
তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, তাদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতার ভিত্তি।
২০২৪ সালের রাজনৈতিক ঘটনাবলির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান নেতৃত্বকে আরও সচেতন হতে হবে। ইতিহাসের শিক্ষা কাজে লাগিয়েই দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।
উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিনি ইস্তাম্বুল সফরে গেছেন এবং নির্ধারিত কর্মসূচি শেষে শিগগিরই দেশে ফিরবেন।