এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শিশু পার্ক মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ মিনারে শহীদদের প্রতি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৮টায় টি এন খানম সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ আরও অনেকে।
এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশিসহ অন্যান্য অতিথিবৃন্দ।