গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১০:৫৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১০:৫৯:৪০ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৌর শহরের ‘বিজয় ৭১’ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দিবসটিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

ভোরে ‘বিজয় ৭১’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। একই সঙ্গে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় উপজেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড ও রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর শৃঙ্খলা, দক্ষতা ও দেশাত্মবোধক গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বেলা ১১টায় উপজেলা পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি স্থানীয় হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করা হয়।
এসব কর্মসূচিতে উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]