​কেন্দুয়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৪:৩১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৪:৩১:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ৩০২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়, যার মধ্যে ১৩৩ জন জীবিত এবং ১৬৯ জন মৃত মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে যারা জীবিত রয়েছেন, তারা সরাসরি সংবর্ধনা গ্রহণ করেন এবং মৃত মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যরা তাদের সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের আহবায়ক মুক্তিযোদ্ধা নুরুল হক ভুঞা এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম বক্তব্যে  বলেন, “মহান মুক্তিযুদ্ধে যারা জীবন বাজি রেখে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের সকলের দায়িত্ব মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা এবং তাদের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।”

এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু,কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ ফারুকী, মুক্তিযোদ্ধা সন্তান কাউন্সিলের আহবায়ক কবিরুল ইসলাম কবির,সদস্য সচিব অলি আহমেদ প্রমুখ।

এর আগে দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিগুলোতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করে।

কেন্দুয়া উপজেলার এ আয়োজনটি ছিল উৎসবমুখর ও গৌরবময়, যা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সহায়তা করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]