খাসিয়াদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না: এমপি শওকতুল ইসলাম

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৩:৩৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৩:৩৯:৫৭ অপরাহ্ন


এস. এম. জালাল উদদীন,  মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় খাসিয়া জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা ও উন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, খাসিয়া সম্প্রদায় এ দেশেরই নাগরিক এবং তাদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করার সুযোগ নেই।

সোমবার (২৩ মার্চ) কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ঝিমাই পুঞ্জিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

এমপি শওকতুল ইসলাম বলেন, খাসিয়া জনগোষ্ঠী একটি প্রথাগত, মাতৃতান্ত্রিক ও কৃষিনির্ভর আদিবাসী সম্প্রদায়। তাদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে পানের চাষ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ভূমি অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, খাসিয়া সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তাদেরকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন সহায়তা অব্যাহত থাকবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ এবং বিশুদ্ধ পানির সংকট নিরসনেও কাজ করার কথা জানান এমপি। এছাড়া স্থানীয় চা বাগানের সঙ্গে বিদ্যমান সমস্যার বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঝিমাই পুঞ্জির হেডম্যান রানা সুরংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী মিলি ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান এবং ছাত্রদল নেতা সামাদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং খাসিয়া সম্প্রদায়ের মানুষজন তাদের আশা-প্রত্যাশার কথা তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]