​‎হবিগঞ্জে সীমান্তে বিজিবির টানা অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৮:৩৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৮:৩৩:৪২ অপরাহ্ন
‎
‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জে পৃথক তিনটি বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে নিষিদ্ধ ব্যথানাশক ও চেতনানাশক ওষুধ, নিম্নমানের কসমেটিকস এবং ভারতীয় জিরা। এ সময় একটি মাহিন্দ্র ট্রাকও জব্দ করা হয়েছে।
‎
‎বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
‎
‎প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
‎
‎দ্বিতীয় অভিযানে একই দিন বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় কীটনাশক ও সারের বস্তার মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক ও চেতনানাশক ওষুধ এবং নিম্নমানের অবৈধ কসমেটিকস জব্দ করা হয়।
‎
‎এ ছাড়া, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে ওই এলাকায় আরেকটি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
‎
‎বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল ও ব্যবহৃত যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
‎
‎৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]