আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে জুম্মাহাট এলাকার গুনাইগাছের মোঃ রুহুল আমিন (পিতা: নুরুজ্জামান) কে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানের অংশ হিসেবে উপজেলার হাতিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে অবস্থিত ‘মিলন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে ১২৫ টাকা লিটার দরে পেট্রোল বিক্রয়ের বিষয়টি তদারকি করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজে উপস্থিত থেকে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।
অভিযান চলাকালে উলিপুরের দুটি পেট্রোল পাম্প পরিদর্শন করা হলে সেখানে জ্বালানি তেলের সরবরাহ পাওয়া যায়নি। পাম্প কর্তৃপক্ষ জানায়, মেঘনা, যমুনা ও পদ্মা ডিলার পয়েন্ট থেকে নিয়মিত ও চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।
উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।