প্রেমিকাকে ছুরিকাঘাত করে প্রেমিক উধাও, অবশেষে মৃত্যু

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৩০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৩০:১০ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রেমিকের ডাকে গিয়ে গলা কেটে গুরুতর আহত হওয়া তরুণী অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত প্রিয়া আক্তার (২০) কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে।

জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঈদ শপিংয়ের কথা বলে প্রিয়াকে বাড়ি থেকে ডেকে নেয় তার কথিত প্রেমিক বায়জিদ। পরে ভুরঘাটা এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে প্রিয়ার গলায় আঘাত করে সে। এতে প্রিয়ার গলার একটি বড় অংশ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর অভিযুক্ত বায়জিদ তার খালা তমাকে সঙ্গে নিয়ে আহত প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ রেখে কৌশলে পালিয়ে যায়। এ সময় প্রিয়ার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় তারা।

পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে তিনি মারা যান। নিহতের পরিবার এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, অভিযোগ পেলে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক বায়জিদ পলাতক রয়েছে বলে জানা গেছে।
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]