কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ১২:৩৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১২:৩৪:২৬ অপরাহ্ন
 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকার ৮ দিন পর বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর মরাশ ফোরকানিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ বাড়ি থেকে সিএনজিযোগে কালীগঞ্জ যাওয়ার পথে জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হলে তাকে বাড়িতে নেওয়া হয়। তবে সোমবার সন্ধ্যায় হঠাৎ অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি প্রয়াত নাছির উদ্দিন শেখের সন্তান।

 

তার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]