কেনিয়ায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬২

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৭:৫৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৭:৫৪:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভারী বৃষ্টিপাতের কারণে কেনিয়ায় সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এক সপ্তাহ আগে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ছিল ৪২। খবর বিবিসির।

কেনিয়া রেড ক্রস জানিয়েছে, রাজধানী নাইরোবিতে পানির স্তর দ্রুত বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে “মাতাতু” নামে পরিচিত একটি মিনিবাস ট্যাক্সি পানিতে আটকে পড়লে সেখান থেকে রাতারাতি ১১ জনকে উদ্ধার করা হয়। এছাড়া প্লাবিত একটি বাড়ি থেকে দুই শিশুকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেশটিতে দীর্ঘদিন পর আকস্মিক বন্যা দেখা দেয়। বিভিন্ন নদী তীর ভেঙে আশপাশের ঘরবাড়ি প্লাবিত করেছে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইরোবিতে একটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবারের ভারী বৃষ্টিপাতের পর শহরের কিছু স্কুলেও পানি ঢুকে পড়ে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সতর্ক করে জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে দুই হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার পর দেশের বিভিন্ন এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চালানো হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী নিহতদের অর্ধেকের বেশি, অর্থাৎ ৩৩ জনই রাজধানী নাইরোবির বাসিন্দা। দুর্বল নিষ্কাশন ব্যবস্থা এবং অনিয়ন্ত্রিত নগর উন্নয়নের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়াকে এ পরিস্থিতির একটি বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দেশটির রাষ্ট্রপতি উইলিয়াম রুটো জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি শহরের অবরুদ্ধ ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করার কাজও চলছে।

এদিকে বন্যা শুধু কেনিয়াতেই সীমাবদ্ধ নেই। প্রতিবেশী ইথিওপিয়াতেও বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণ পরিবেশ সৃষ্টি হওয়ায় চরম বৃষ্টিপাতের ঝুঁকি বাড়ছে। শিল্প যুগ শুরুর পর থেকে পৃথিবীর তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং বৈশ্বিকভাবে কার্বন নিঃসরণ কমানো না গেলে ভবিষ্যতে এমন দুর্যোগ আরও বাড়তে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]