শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০২:২৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০২:২৭:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
টানা তিন দিন ধরে দিনে একাধিকবার ভারী বৃষ্টির পর শনিবার দিবাগত রাতে অস্বাভাবিক আকারের শিলাবৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওর এলাকার ফসল নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি হয়েছে।

শনিবার রাত প্রায় একটার দিকে মধ্যনগরে প্রায় দশ মিনিটের বেশি সময় ধরে তীব্র শিলাবৃষ্টি হয়। অস্বাভাবিক এ শিলাবৃষ্টিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলাবৃষ্টির আঘাতে ফসলি জমির পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামের বসতবাড়ির টিনের চালা ছিদ্র হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে টানা ভারী বৃষ্টির কারণে হাওরের নিচু জমিগুলো ইতোমধ্যে পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হাওরের ফসলরক্ষা বাঁধ নিয়েও নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

মধ্যনগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, হাওরের ধান পাকতে এখনও এক মাসেরও বেশি সময় লাগবে। বর্তমানে বিভিন্ন হাওরের ফসলি জমিতে ধানের শীষ গজিয়েছে মাত্র। এমন সময়ে এর আগে কখনো এ ধরনের শিলাবৃষ্টি হয়নি। শিলাবৃষ্টির কারণে হাওর এলাকার বোরো ধানসহ বিভিন্ন ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে কৃষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির কারণে নিচু জমিগুলোতে ইতোমধ্যেই পানি জমে গেছে। ফলে ফসল রক্ষা নিয়ে কৃষকদের দুশ্চিন্তা আরও বেড়েছে।

স্থানীয় কৃষক মনোয়ার হোসেন বলেন,শিলার আঘাতে হাওরের ধানের শীষ ভেঙে পড়েছে এবং অনেক জমির ধানগাছ নুয়ে পড়েছে। এছাড়া অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। অসময়ে এমন শিলাবৃষ্টি হাওর এলাকায় ব্যাপক ক্ষতির কারণ হয়েছে।

বলরামপুর গ্রামের বাসিন্দা মো.রতন মিয়া জানান,গত রাতের শিলাবৃষ্টিতে তার ঘরের টিন ছিদ্র হয়ে ঘরটি প্রায় বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এখন বৃষ্টির পানি সরাসরি ঘরের ভেতরে পড়ছে।

ইনাতনগর গ্রামের সুলতান মিয়া বলেন,শিলাবৃষ্টিতে তার ঘরের টিনের চালা ছিদ্র হয়ে গেছে। এতে পরিবার নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন।

শাজদাপুর গ্রামের বাসিন্দা এমদাদুল হক বলেন,আমাদের গ্রামে শতাধিক ঘর রয়েছে। দুই-তিনটি ঘর ছাড়া প্রায় সবগুলোর টিন ছিদ্র হয়ে গেছে। এতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন,গত রাতের শিলাবৃষ্টিতে হাওর এলাকার ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেসব ঘরের টিন ছিদ্র হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে,তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]