উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে কাল

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৪২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৪২:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
উন্নত চিকিৎসার জন্য আগামী রোববার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল শনিবার জানান, বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে যাবেন।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

শুক্রবার দুই দফায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর মির্জা আব্বাস মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অধীনে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে এভার কেয়ার হাসপাতালে আসেন তিনি। এছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]