প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী মিনু

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৩:০১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৩:০১:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ চালুর ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় নগরীর উপকণ্ঠে বায়া ব্রিজ সংলগ্ন খালে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, এডিস মশা সাধারণত ছাদ, ফুলের টব কিংবা বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নেয় ও বংশবিস্তার করে। তাই কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, গ্রাম কিংবা শহর—সব জায়গাতেই এখন মশাবাহিত রোগ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। ছোট্ট এই মশার কামড়ে প্রতিবছর বহু মানুষ আক্রান্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই প্রাণহানির ঘটনাও ঘটছে।

মন্ত্রী আরও জানান, এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিয়মিত নদী, খাল ও ড্রেন পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। এদিন কর্মসূচিতে কোনো স্টেজ বা মাইক্রোফোন ব্যবহার করা হয়নি এবং আনুষ্ঠানিক বেলুন ওড়ানোর আয়োজনও রাখা হয়নি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র যাতে তৈরি হতে না পারে সে লক্ষ্যেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক বিশেষ ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় ১৪ মার্চ থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]