তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অধিক মূল্যে এলপিজি গ্যাস ও পন্য বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা বলেন, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৪ ব্যবসায়ীকে বেশি মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ১৮ হাজার টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।