এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬)। এই অধিবেশনের মধ্য দিয়ে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু প্রথমবারের মতো মহান জাতীয় সংসদে অংশগ্রহণ করেছেন।
জুড়ী উপজেলার স্বাধীন বাংলাদেশের প্রায় ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কৃতি সন্তান সরাসরি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। ফলে বিষয়টি জুড়ী-বড়লেখাবাসীর জন্য গর্ব ও আনন্দের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজনীতি, সমাজসেবা এবং এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নাসির উদ্দিন আহমদ মিঠু জাতীয় সংসদে যোগদানের মাধ্যমে জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষের প্রত্যাশা ও উন্নয়নের স্বপ্নকে নতুনভাবে তুলে ধরবেন বলে স্থানীয়দের আশা।
এদিকে তার সংসদে প্রথম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন, সংসদে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।
জুড়ী-বড়লেখাবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠুকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্থানীয়রা বিশ্বাস করেন, তার নেতৃত্বে জুড়ী ও বড়লেখা উপজেলা উন্নয়ন ও অগ্রগতির নতুন পথে এগিয়ে যাবে।