কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান রাষ্ট্রই করবে: সেলিম উদ্দিন

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৯:২৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৯:২৫:৫৪ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণের সব সমস্যার সমাধান রাষ্ট্রই করবে। তিনি রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন ও আল্লাহওয়ালা লোকদের হাতে ক্ষমতা অর্পণের মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।

 
তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পূর্ব রামপুরা নর্থ পয়েন্ট স্কুল মাঠ, কুঞ্জবনে রামপুরা উত্তর থানা জামায়াত আয়োজিত ‘অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমির ফজলে আমমেদ ফজলুর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির শাহাব উদ্দিন, তারবিয়ত সেক্রেটারি আবুল হাসান পাটোয়ারী, বাইতুল মাল সেক্রেটারি আবুল আল রিয়াদ, অফিস সেক্রেটারি তসলিম আলম, যুব বিভাগ সম্পাদক এস এ এম মনিরুজ্জামান, থানা এইচআরডি সম্পাদক আশরাফুর আলম ও থানা পাঠাগার সম্পাদক কাজী মাহমুদ উল্লাহ আজাদ প্রমুখ।


সেলিম উদ্দিন বলেন, দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। সুশাসনের অভাবেই আমাদের নতুন প্রজন্ম সুশিক্ষা নিতে পারছে না। বিশ্বের অপরাপর রাষ্ট্র শিক্ষাক্ষেত্রে এগিয়ে থাকার কারণে উন্নতির উচ্চশিখরে আরোহণ করেছে। কিন্তু এক্ষেত্রে আমরা পিছিয়ে থাকায় আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় ক্রমেই পিছিয়ে পড়ছি।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের কল্যাণে কাজ করুন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন সময়ের বড় দাবি। একই সঙ্গে নগরজীবনে স্বস্তি ফিরে আনতে মশার উপদ্রব নিয়ন্ত্রণ করাও জরুরি। অনির্বাচিত প্রশাসক নয় বরং অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর এখন গণদাবি।
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]