স্টাফ রিপোর্টারঃ
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে তাঁর নাম প্রস্তাব করেন নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি সংসদের সামনে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে তাঁর জন্ম। তাঁর পিতা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মাতা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের পরিবেশে তাঁর বেড়ে ওঠা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।