স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই যেভাবে শুরু হবে সংসদ অধিবেশন

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১১:৪১:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১১:৪১:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পরপরই ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক শুরু হচ্ছে।

সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিদায়ি স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে প্রথম বৈঠক শুরুর কথা থাকলেও এবার তা হচ্ছে না। গত সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং গণহত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাবন্দি থাকায় নতুন সংসদের সিনিয়র কোনো সদস্যের সভাপতিত্বে প্রথম বৈঠক শুরু হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রথমে শুরু হবে অধিবেশন। এরপর বৈঠকে সভাপতিত্ব করার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সংসদের একজন সিনিয়র সদস্যের নাম প্রস্তাব করবেন। অন্য একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সিনিয়র সদস্যের সভাপতিত্বে বৈঠক শুরু হবে। প্রথম বৈঠকের সভাপতি হিসেবে বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব হতে পারে বলে শোনা যাচ্ছে। সভাপতির দায়িত্ব পাওয়ার পর তিনি শুরুতেই
 
নতুন স্পিকার ও ডেপুটি নির্বাচন করবেন। স্পিকার নির্বাচন প্রক্রিয়া শেষ হলে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই ফাঁকে রাষ্ট্রপতি নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। শপথগ্রহণ শেষেই নতুন স্পিকার মুলতবি বৈঠকে সভাপতিত্ব করবেন। অবশ্য ডেপুটি স্পিকার প্রথমে নির্বাচন না করা হলে নতুন স্পিকারের সভাপতিত্বে নির্বাচন করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]