জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২৫ জেলে আটক

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৭:৫০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৭:৫০:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সরকার ঘোষিত দুই মাসব্যাপী জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। চলমান অভিযানে গত ১০ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের অভিযোগে ২৫ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১৮টি মাছধরা নৌকা জব্দ এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।


নৌ পুলিশ সূত্র জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বিপণনে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মেঘনা নদীর জলসীমায় দিন-রাত নৌ টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে মোহনপুর, দশানি, বাহাদুরপুর, সটাকি, ষাটনল, বাহেরচর, এখলাছপুর ও চরওমেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাছ আহরণ এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে আরো জানা যায়, চলমান জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে গত ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত সময়ে নিষেধাজ্ঞা ভঙ্গ করে জাটকা ইলিশ নিধনের দায়ে মোট ২৫ জন জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে ১৮টি মাছধরা নৌকা জব্দ করা হয় এবং প্রায় ৯ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 

আটককৃত জেলেরা হলেন, মো. সাব্বির (২২), মো. মনির হোসেন পীর (২৮), মো. জয়নাল আবেদীন (৪৫), মো. শাহআলম (৩৫), মো. স্বপন সওদাগর (৩২), মো. বিল্লাল গাজী (৪১), মো. হানিফা সরকার (৫০), শাহজালাল বেপারী (৩০), মোহাম্মদ আলী (৩২), মো. খোকন মিয়া (৪০), মো. ওসমান মোল্যা (১৯), মো. রনি জম্মাদার (২৩), মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৬), মো. রিপন (২১), মো. রাসেল ফয়সাল (২৩), মো. জনি জমাদ্দার (২০), মহসীন (৪৬), মো. লাল মিয়া (৪০), মো. আমিনুল ইসলাম (৩৫), মো. উজ্জল (২৫), ফরিদুল ইসলাম (২৪), মো. রিদয় বেপারী (২০), মো. লিটন (৪৮), মো. আব্বাস মিজি (৩৮) ও সামেদ বেপারী (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

অভিযান সম্পর্কে কয়েকজন জেলে জানান, অভিযানের সময় নৌ পুলিশ তাদের নদী থেকে ধরে নিয়ে যায়, জাল পুড়িয়ে দেয় এবং নৌকা জব্দ করে।
 

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, জাটকা আমাদের জাতীয় সম্পদ এবং ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের মূল ভিত্তি। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]