বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১২:৪৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১২:৪৩:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।

 
নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

 
মাহদীর পক্ষে বিবিসি বাংলাকে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির।

 
বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বির বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

 
মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মাহাদী নিজেই।

 
মাহদী বলেন, বিবিসি বাংলা কর্তৃক আমার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে এবং আমার দাবি অনুযায়ী ‘অন্যায় ও মানহানিকর’ তথ্যের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

 
তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।


মাহদী হাসানের অভিযোগ, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তাই তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]