টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৮:২৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৮:২৮:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

মূলত, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে দুই নারী ও তাদের সঙ্গে থাকা দুই ব্যক্তিকে হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণ বাঁশের লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসছেন। ওই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ বলে সহপাঠীরা জানিয়েছেন। ভিডিওতে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারকেও দেখা যায় বলে তার পরিচিতজনরা দাবি করেন।

ভিডিওতে দুই নারীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাদের একজন অভিযোগ করে বলেন, পুরান ঢাকার নাজিরাবাজারে সেহরি খেয়ে তারা টিএসসিতে ঘুরতে এসেছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাদের ‘প্রোস্টিটিউট’ বলে গালাগাল করেন এবং তাদের সঙ্গে থাকা একজন রাইডারকে মারধর করেন।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা নিরাপদ না। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের মারে।”

এ ঘটনার পরদিন ভুক্তভোগী নারীদের সঙ্গে থাকা দুই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে দেখা যায়, অভিযুক্তরা লাঠি হাতে ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং নারীদের সঙ্গে থাকা একজন পুরুষকে হেলমেট দিয়ে আঘাত করা হয়েছে। তবে নারীদের সরাসরি লাঠি দিয়ে আঘাত করার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার আগে গণমাধ্যমকে বলেন, সেহরি খেয়ে ফেরার পথে টিএসসিতে এক নারী ও এক পুরুষকে “অশালীন” অবস্থায় দেখে তিনি তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হলেও তিনি কোনো নারীর গায়ে হাত তোলেননি বলে দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত রাকিব আহমেদ লাঠি হাতে নেওয়ার কথা স্বীকার করলেও কাউকে আঘাত করার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, নারীদের সঙ্গে থাকা ব্যক্তিরা নেশাগ্রস্ত ছিলেন এবং তারাই আগ্রাসী আচরণ করেছিলেন।

এদিকে তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।










 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]