সম্পত্তির ভাগ নিয়ে বাবাকে মারধর দুই ছেলের, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৬:৩৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৬:৩৬:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত একটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের পর ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কালা মিয়া ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত তার দুই ছেলের নাম শাকের আলম ও মনির আলম।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ মামুন জানান, হাসপাতালে আনার আগেই কালা মিয়ার মৃত্যু হয়। তার শরীরের কয়েকটি স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের মতে, কালা মিয়ার স্ত্রী তাদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করা নিয়ে দুই ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে পড়েন। জমিটি নিজেদের নামে লিখে দেয়ার জন্য ছেলেরা বাবার ওপর চাপ সৃষ্টি করছিল। তবে সব ওয়ারিশের মধ্যে ভাগ করে দেয়ার পর জমি বিক্রি করবেন বলে জানালে তারা তাতে রাজি হয়নি। এ নিয়ে বিরোধের একপর্যায়ে দুই ছেলে বাবাকে বেধড়ক মারধর করে।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নেয়ার বিষয়টি নিয়ে প্রায়ই বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতো। বিষয়টি নিয়ে এর আগে কালা মিয়ার বড় মেয়ে তাকে জানিয়েছিলেন। পরে তিনি ছেলেদের ডেকে বুঝিয়ে বলারও চেষ্টা করেন।

তিনি বলেন, গত দুইদিন ধরে তারা সম্পত্তির বিষয়টি নিয়ে বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে বলে অভিযোগ রয়েছে। পরে রাতে তাকে বেহুশ অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, সামান্য জমির লোভে আমার দুই ভাই বাবাকে মারধর করে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জমিজমার বিরোধে নিজের ছেলেদের মারধরে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]