ইউরোপীয় জায়ান্টদের লড়াইয়ের রাত

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০১:২৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০১:২৬:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব ও প্লে-অফের লড়াই শেষ। শুরু হয়েছে নকআউট তথা শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনালে ওঠার প্রথম ধাপে আজ রাতে মাঠে নামছে ইউরোপের জায়ান্ট দলগুলো। শেষ ষোলোর প্রথম লেগে রাত পৌনে বারোটায় গালাতাসারাইয়ের প্রতিপক্ষ লিভারপুল। দিবাগত রাত ২টায় মাঠে নামবে বার্সেলোনা-নিউক্যাসল, অ্যাথলেটিকো মাদ্রিদ-টটেনহ্যাম ও আতালান্তা-বায়ার্ন মিউনিখ। এই ম্যাচগুলোয় জিতে প্রথম ধাপে এক পা এগিয়ে যাওয়ার সুযোগ দলগুলোর সামনে।

 
বার্সেলোনা-নিউক্যাসলের ম্যাচ জমজমাট হবে বলেই ধরে নেওয়া যায়। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে ইতিহাস গড়তে যাচ্ছে নিউক্যাসল। প্রথমবারের মতো টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠেছে ইংলিশ ক্লাবটি। তবে বার্সেলোনার সঙ্গে লড়াই সহজ হবে না। গত মৌসুমে সেমিফাইনাল খেলেছিল বার্সা। চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগ বেশ ধারালো। লিগের সবশেষ ম্যাচে বিলবাওকে ১-০ গোলে হারানো বার্সা পুরো শক্তি নিয়ে চাঙ্গা হয়েই মাঠে নামবে। আরেকটা তথ্য হলো, ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে শেষ ষোলোতে বার্সেলোনার রেকর্ডও দারুণ, টানা পাঁচ জয় আছে তাদের।


লিভারপুলের বিপক্ষে গালাতাসারাইয়ের জন্য বড় চ্যালেঞ্জ হলো সমর্থকদের অনুপস্থিতি। ঘরের মাঠে প্রথম লেগে ভালো ফল পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ওকান বুরাকের দল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে তাদের আক্রমণভাগও বেশ শক্তিশালী—শেষ ১৩ ম্যাচের আটটিতে তারা অন্তত তিনটি করে গোল করেছে। অন্যদিকে, মিশ্র পারফরম্যান্স নিয়ে ইস্তাম্বুলে যাচ্ছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের রেকর্ড বেশ ভালো। তবে গালাতাসারাইয়ের বিপক্ষে অতীত পরিসংখ্যানে খুব সুবিধায় নেই ইংলিশ ক্লাবটি। দুই দলের ছয় দেখায় লিভারপুল জিতেছে মাত্র একবার, ড্র করেছে দুইটি এবং হেরেছে তিনবার।

টটেনহ্যামের ইউরোপিয়ান লিগ পর্বের পারফরম্যান্স যথেষ্ট উজ্জ্বল। লিগ পর্বে পাঁচটি জয়, সেই সঙ্গে জার্মানির শক্তিশালী দল বরুশিয়া ও ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে জিতেছে তারা। ইউরোপে এই দুর্দান্ত পারফরম্যান্স ইংলিশ ফুটবলের মান প্রমাণ করলেও ঘরোয়া লিগে দল এখন চরম হতাশার মধ্যে। টানা ১১টি ম্যাচে জয়হীন তারা। অন্যদিকে অ্যাটলেটিকো প্লে-অফে নাটকীয় লড়াই শেষে শেষ ষোলোতে উঠেছে। দুদল প্রায় ৬৩ বছর পর প্রতিযোগিতার মঞ্চে মিলিত হচ্ছে। লড়াই কেমন হয় সেটাই দেখার।

ইউরোপিয়ান মঞ্চে আতালান্তা এবারও চমক দেখিয়েছে। প্রথম লেগে দুই গোলে হেরে পরেও বার্গামোর মাঠে রিটার্ন লেগে নিজেদের কমিয়ে এনে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে দলটি। ইতালির একমাত্র প্রতিনিধি হিসেবে আতালান্তার আশা রয়েছে চ্যাম্পিয়নস লিগে আরও দূর যাওয়ার। তবে প্রথমবারের মতো বায়ার্ন মিউনিখের সঙ্গে মুখোমুখি হওয়া তাদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। দক্ষিণ জার্মানরা এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে। সব প্রতিযোগিতায় ৪০ ম্যাচে ৩৫ জয় এবং মাত্র দুই হার। ফলে ভক্তরা একটি রোমাঞ্চকর দ্বন্দ্বের প্রত্যাশা করতে পারেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]