রাজস্থলীতে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১২:৩৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১২:৩৯:৪১ অপরাহ্ন
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ 
 
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি তেলের দোকান ও একজন সার ডিলারসহ মোট চার প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 
রবিবার (৮ মার্চ) দুপুরে রাজস্থলী উপজেলা সদর ও রাজস্থলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ‘আয়েশা অয়েল’, ‘মিনহাজ স্টোর’ ও ‘মোঃ নোমান’-এর তেলের দোকানকে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘মৃদুল স্টোর’ নামের এক সারের ডিলারকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
 
এ সময় বাজারের দুটি পোল্ট্রি দোকানকে আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশ দিয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দোকান মনিটরিং ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
 
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সচেতন নাগরিকরা জানান, বাজারে অনিয়ম রোধে প্রশাসনের এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক।
প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]