মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে বোমা ফাটিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট; আহত-৫

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৯:৩৯ অপরাহ্ন
 
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে পূর্ব শত্রুতার জেরে কয়েকটি বসতবাড়িতে বোমা ফাটিয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত  পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
 
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ৫০–৬০ জনের একটি সংঘবদ্ধ দল গ্রামটির কয়েকটি বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
 
হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সিরাজ মল্লিক, কবির ফকির, শহিদুল হক, জালাল মাতুব্বর, আবু আলম মল্লিক, আবু বক্কর মল্লিক ও বাদল মল্লিক।
 
প্রবাসীদের স্ত্রী খাদিজা বেগম, পুতুল ও সানজিদা অভিযোগ করে বলেন, শহিদুল মাতুব্বরের নেতৃত্বে নাসির শেখ, দীলিপ মাতুব্বরসহ আরও কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে ভাংচুর ও লুটপাট করে। ভাংচুর ও লুটপাটের সময় ঘর থেকে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা। এছাড়া পরিবারের সদস্যদের মারধর করলে অন্তত পাঁচজন আহত হন।
 
আহতরা হলেন, নয়ন মল্লিক, খাদিজা বেগম, আসমা, জীবন নেসা, রেশমা।
 
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 
 
এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
 
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]