মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৯:৪৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৯:৪৮:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে ।

রোববার ভোর ৫টায় আহত জাকির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জাকির হোসেনের ছোট ভাই হোসেন মিয়াজি চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন।

জাকির হোসেন (৪৫) পেশায় একজন কৃষক। তার ৩ মেয়ে ও ২ ছেলেসহ ৫সন্তান রয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেনের মেয়ে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া আসার পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় জাকির হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে তার ওপর হামলা চালায় বখাটেরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জাকির হোসেনের স্ত্রী পারভীন আক্তার বলেন, নিশ্চিন্তপুর গ্রামের নাছির হোসেনের ছেলে ফাইম মিয়াজী (২৪), আইনুল কবির ফটিকের ছেলে মো. সাফিন (২৩), নওদোনা গ্রামের মিজান বেপারীর ছেলে রিফাত ও মহসিন শিকদারের ছেলে রিয়াদসহ আরও ১০ থেকে ১৫ জন হামলা চালিয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, আহত অবস্থায় জাকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]