টঙ্গীতে রিয়েল এস্টেট মালিকের অফিসের সামনে গুলি ককটেল বিস্ফোরণ

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১২:৪১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১২:৪১:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে এক রিয়েল এস্টেট কোম্পানি মালিকের অফিসের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। সন্ত্রাসীরা নান্টু মিয়া (৩৬) নামে ওই কোম্পানির এক সিকিউরিটি গার্ডকে মারধর করে আহত করে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটার দিকে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড কোম্পানির মালিক মো. কামরুজ্জামানের অফিসের সামনে। তবে কামরু্জ্জামান ঘটনার দুই মিনিট আগে অফিস ত্যাগ করায় প্রাণে বেঁচে যান বলে কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা জানান।

কোম্পানীর সিকিউরিটি গার্ড নান্টু জানান, শনিবার রাত পৌনে আটটার দিকে দুই ব্যক্তি অফিসের গেটে এসে মায়ের দোয়া রিয়েল এস্টেটের মালিক কামরুজ্জামানকে খোঁজতে থাকে এবং ভেতরে প্রবেশের চেষ্টা করে। এতে বাধা দিলে তারা মালিকের অবস্থান জানতে চান। পরে তারা আমাকে ধরে রাস্তার পাশে নিয়ে যায়। এরপর আরও অপরিচিত দুইজন লোক এসে চারজনে মিলে আমাকে এলোপাথাড়ি চড় থাপ্পড়-কিল-ঘুষি মারতে থাকে এবং মালিকের প্রকৃত অবস্থান নিশ্চিত করতে বলে। এতে আমি ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এসে বিষয়টি জানতে চান। এসময় সন্ত্রাসীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে একটি নোহা গাড়িযোগে পালিয়ে যায়।

এ ব্যাপার মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড কোম্পানির মালিক মো. কামরুজ্জামান বলেন, সন্ত্রাসীরা কেন আমাকে খুঁজছে আমার জানা নাই। তবে ইদানিং কেউ আমার কাছে চাঁদা দাবি করেনি। খবর পেয়ে পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছেন। আমি আমার জীবনের ও কোম্পানির নিরাপত্তা দাবি করছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি গুলির খোসা ও একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। লিখিত কোনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]