রাজনৈতিক অফিসে হামলা! মণিরামপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:০৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:০৮:০৭ অপরাহ্ন
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
যশোরের মণিরামপুরে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয় ভাঙচুর ও নেতাদের ছবি ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি আলিম মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। রোববার (১ মার্চ) দুপুরে শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর বাজারে ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, কার্যালয় থেকে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর ছবি খুলে বাইরে ছুঁড়ে ফেলা হয়। এ সময় চেয়ার-টেবিলসহ আসবাবপত্রও সরিয়ে ফেলার অভিযোগ করা হয়।
 
ক্ষোভ প্রকাশ করে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মিন্টু বলেন, ‘গতকালও অফিস খোলা ছিল। আজ এসে দেখি সব এলোমেলো, নেতাদের ছবি ছুড়ে ফেলা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’ এ ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযুক্ত সুপারকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজ বলেন, ‘এ ধরনের ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়।’
 
তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা সুপার মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমি শুধু ঘরটি দেখতে বলেছিলাম। ভাঙচুরের সঙ্গে আমি জড়িত নই।’
এ ঘটনায় মণিরামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]